শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ মাঠ ও আশপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি মুসল্লিদের নিরাপদে জামাতে অংশগ্রহণ নিশ্চিত করবেন।

মুসল্লিদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথে প্রবেশ না করা, কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করবে।