ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ইকরার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ইকরার মা তার মেয়ের মৃত্যুর জন্য সরাসরি আলভীকেই দায়ী করে আহাজারি করছেন।
কান্নায় ভেঙে পড়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন ইকরার মা। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে তিলে তিলে শেষ করেছে আলভী আর আলভীর মা।
এই অভিযোগের পর মুখ খুলেছেন ইকরার দীর্ঘদিনের ঘনিষ্ঠ এক বান্ধবীও। তার দাবি, আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্ক এবং সন্তানের প্রতি অবহেলাই ইকরাকে এই চরম পথে ঠেলে দিয়েছে।
ইকরার ওই ঘনিষ্ঠ বান্ধবী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি ইকরাকে অনেক বছর ধরে চিনি। সে অনেক শক্ত মনের মানুষ ছিল। ওর মতো মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে।
অভিনেত্রী তিথির সঙ্গে আলভীর প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বান্ধবীর দেওয়া তথ্যমতে, ইকরা গত তিন বছর ধরেই আলভীকে সন্দেহ করে আসছিলেন। প্রথমদিকে আলভী সবকিছু অস্বীকার করে বিষয়টিকে সহকর্মীর সম্পর্ক বলে ব্যাখ্যা করলেও সম্প্রতি তিনি ইকরার কাছে পরকীয়ার কথা স্বীকার করেন।
বান্ধবীর ভাষ্য অনুযায়ী, আলভী ইকরাকে সরাসরি বলেছিল, তোমার প্রতি আমার আর কোনো ফিলিংস (অনুভূতি) নেই। আমার সঙ্গে তিথির সম্পর্ক আছে। আমি তোমার সঙ্গে শুধু রিজিকের (সন্তান) জন্য আছি। এই কথাগুলো বলার সময় ইকরা কান্নায় ভেঙে পড়েছিলেন বলে জানান তার বন্ধু।
মৃত্যুর ঠিক দুদিন আগেও ইকরার সঙ্গে তার বান্ধবীর কথা হয়েছিল। সেদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, গত পরশুদিন ইকরা আমাকে ফোন করে জানায়, তাদের সন্তান রিজিক অসুস্থ। রিজিক তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাইলেও আলভী কল ধরছিলেন না। তখন ইকরা জানতে পারেন, ওই দিন অভিনেত্রী তিথির জন্মদিন ছিল এবং আলভী তাকে নিয়ে জন্মদিন উদযাপন করতে নেপালে গিয়েছেন।
বান্ধবীর দাবি, ইকরা যখন বারবার কল দিচ্ছিলেন, তখন আলভী তাকে উল্টো দোষারোপ করে বলেন, রিজিক অসুস্থ হওয়ার নাটক করে ইকরা তাকে বিরক্ত করছেন। এ সংক্রান্ত বেশ কিছু চ্যাটের স্ক্রিনশটও ইকরা তার বান্ধবীকে পাঠিয়েছেন বলে জানা গেছে।
২০১০ সালের ৯ নভেম্বর পারিবারিকভাবে ইকরা ও যাহের আলভীর বিয়ে সম্পন্ন হয়। সে হিসেবে তাদের দীর্ঘ ১৫ বছরের সংসার ছিল। দীর্ঘ এই পথচলায় তাদের মধ্যে ভালোবাসা ও সুসম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে মনোমালিন্যের খবর পাওয়া যাচ্ছিল।
মিডিয়াপাড়ায় গুঞ্জন রয়েছে, বেশ কয়েক বছর ধরে ছোট পর্দার আরেক অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। যদিও আলভী ও তিথি সবসময়ই বিষয়টি অস্বীকার করে এসেছেন, তবুও ঘনিষ্ঠ মহলের দাবি, তিথির সঙ্গে আলভীর ঘনিষ্ঠতাকে ঘিরেই ইকরার সংসারে অশান্তির শুরু। শনিবার সকালে ইকরার এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে এই পারিবারিক কলহই মুখ্য কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।