সোমবার (৩০ মার্চ) ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ম্যারেন ওয়েড। যেখানে তিনি ইউএমজি রেকর্ডিংস ও সুইফটের বিরুদ্ধে ট্রেডমার্ক লঙ্ঘন ও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ এনেছেন।
তার ভাষ্য, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামটি গত এক যুগ ধরে গড়ে তোলা ‘কনফেশনস অব আ শোগার্ল’ ব্র্যান্ডকে ‘বিলীন’ করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
ফলে সুইফট যেন অ্যালবামটির বর্তমান নাম ব্যবহার করা থেকে বিরত থাকেন—আদালতের কাছে এই আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে হারানো মুনাফা, আইনজীবীর ফি ও অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণের আবেদন করেছেন ওয়েড।
রিয়েলিটি শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এ অংশ নেওয়ার পর থেকেই আমেরিকার পরিচিত মুখ ম্যারেন ওয়েড। ২০১৪ সালে তিনি ‘লাস ভেগাস উইকলি’-তে ‘কনফেশনস অব আ শোগার্ল’ শিরোনামে কলাম লেখা শুরু করেন।
এতে বিনোদন দুনিয়ার একজন হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরতেন তিনি। পরবর্তী সময়ে এটি একটি পডকাস্ট ও লাইভ শো-তে পরিণত হয়, যেখানে থাকে পপ ও জ্যাজসংগীতের পরিবেশনা।
২০১৫ সালে কনফেশনস অব আ শোগার্ল ট্রেডমার্ক নিবন্ধন করেন তিনি।
গত বছর সুইফট তার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ করেন। প্রথম সপ্তাহে এটি আমেরিকায় ৪০ লাখ এবং বিশ্বব্যাপী ৫৫ লাখ ইউনিট বিক্রি হয়ে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে।
আরো জোর দিয়ে বলা হয়েছিল, দুটি নামই যদি সংগীত ও নাট্য পরিবেশনা-সম্পর্কিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে তা ভোক্তাদের এই বিশ্বাসে পরিচালিত করবে যে দুটির মধ্যে হয়তো এক ধরনের যোগসূত্র রয়েছে।
তবে এ বিষয়ে এখনও টেইলর সুইফট কিংবা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।