বুরুন্ডিতে সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ, নিহত ১৩

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় তিন সেনাসদস্যসহ আহত হয়েছেন আরও ৫৭ জন।

গত মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরার মুসাগা এলাকায় ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদ ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ডিপোতে মজুত থাকা গোলাবারুদে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এর প্রভাবে আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে তীব্র পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে ব্যাপক বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা