দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে এখন চলছে কালবৈশাখী। একদিকে স্ত্রী সংগীতার সঙ্গে ২৭ বছরের দাম্পত্যে ফাটল, অন্যদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে নাম জড়ানো— সব মিলিয়ে অভিনেতা এখন নিত্যদিন গণমাধ্যম শিরোনামে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অবাক করা গুঞ্জন। ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো সবাইকে চমকে দিলেন থালাপতি বিজয়ের পুত্র জেসন সঞ্জয়।
জানা গেছে, জেসন তার নামের সঙ্গে জুড়ে থাকা বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ বাদ দিয়ে মায়ের নামের আদ্যক্ষর ‘এস’ যোগ করেছেন। সাধারণত তামিলনাড়ুতে ছেলেমেয়েদের নামের সঙ্গে বাবার নামের আদ্যক্ষর ব্যবহার করাই দস্তুর। জেসন এতদিন নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ হিসেবে পরিচয় দিতেন। কিন্তু সম্প্রতি তিনি এখন নিজের পরিচয় দিচ্ছেন ‘জেসন সঞ্জয় এস’ হিসেবে। আসন্ন সিনেমা ‘সিগমা’র ক্রেডিট লাইনেও এ নাম পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ বলছেন, মা সংগীতার প্রতি সমর্থন জানাতেই বিজয়পুত্র এ সিদ্ধান্ত নিয়েছেন।
আবার বাবার মতো অভিনয়ের পথে না হেঁটে বেছে নিয়েছেন পরিচালনার পথ। লাইকা প্রোডাকশনসের ব্যানারে তিনি ‘সিগমা’ সিনেমাটি পরিচালনা করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সন্দীপ কিষাণ। তবে পরিবারের এই টালমাটাল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বিজয়পত্নী সংগীতা সোর্নালিঙ্গম চেন্নাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। সেখানে তিনি বিজয়ের বিরুদ্ধে অবহেলা ও অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনেছেন। এ ঘটনার পরই দেখা যায়, জেসন ইনস্টাগ্রামে তার বাবাকে আনফলো করেছেন। যদিও এ বিষয়ে বিজয় কিংবা জেসন— কেউ-ই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।