শ্বশুরবাড়িতে বেড়াতে আসার পথে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন পুলিশ কনস্টেবল এমরান মিয়া। সোমবার (৬ এপ্রিল) সকালে নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।
আহত এমরান মিয়া পিরোজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তার গ্রামের বাড়ি বাগেরহাট। আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, রবিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাই আসছিলেন এমরান মিয়া। সোমবার সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে গতি কমালে এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত এমরান মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।