রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত শনিবার (২১ মার্চ) সকাল আটটায় অনুষ্ঠিত হবে। ঈদ জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ মখদুম দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।
এখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।
মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নসহ এরই মধ্যে সমতল করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম মসজিদে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল আটটায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে আটটায়।
এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল আটটায়।
এদিকে নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।