রূপার গয়না কালো হয়ে যায় কেন?

সোনার দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন অনেকেই হচ্ছেন রূপামুখী। রূপার তৈরি গয়না এখন ট্রেন্ডেও আছে। যেকোনো আউটফিটের সঙ্গে সহজেই মানিয়ে যায় এমন গয়না। সমস্যা হলো রূপার গয়না রেখে দিলে কিছুদিন পরই কালো হয়ে যায়। কেন এমন হয়?

রূপার গয়না কালো হওয়ার কারণ

রূপা এমন একটি মূল্যবান ধাতু যা গয়না, বাসনপত্র এবং সাজসজ্জার জিনিসপত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে অনেকক্ষেত্রে দেখা যায়, রূপা কিছুসময় ব্যবহারের পরে কালো হতে শুরু করে। এর কারণ মূলত দুটি-

বাতাসের সংস্পর্শ

রূপার জিনিসপত্র বাতাসের সংস্পর্শে আসার কিছু সময় পরে কালো হয়ে যায়। এই সাধারণ রাসায়নিক প্রক্রিয়াটিকে রূপার কলঙ্ক বলা হয়। বাতাসে উপস্থিত কিছু রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে রূপা। ফলে এর চকচকে পৃষ্ঠের ওপর একটি স্তর তৈরি হয়। যার কারণে রূপা কালো দেখায়।

সালফাইডের স্তর

রূপা সালফাইডের স্তরের কারণে কালো হয়ে যায়। এই ধাতুর কালো হওয়া মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া। বাতাসে উপস্থিত হাইড্রোজেন সালফাইড গ্যাসের সঙ্গে রূপা বিক্রিয়া করে এবং সালফাইড নামক একটি যৌগ তৈরি করে। রূপালি সালফাইডের একটি পাতলা স্তর যা কালো রঙের এবং রূপার পৃষ্ঠকে কালো করে তোলে।

রূপার গয়না কালো হলে করণীয়

সহজ কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে রূপার গয়নার কালচে ভাব দূর করতে পারেন। সেগুলো সম্পর্কে জানুন-

লবণ ও লেবুর রস

গরম পানিতে লবণ ও পাতিলেবুর রস মেশান। এই মিশ্রণে রূপার গয়না ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর পানি থেকে তুলে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। কালো দাগ দূর হবে।

টমেটো কেচাপ

কেবল খাবারের সঙ্গে নয়, রূপার গয়না পরিষ্কার করতেও টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। পেপার টাওয়ালে অল্প পরিমাণ কেচাপ নিন। কালো হওয়া রূপার গয়নাতে ঘষে নিন। ১৫ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচে ভাব দূর হবে।

বেকিং সোডা ও ভিনেগার

হালকা গরম পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা এবং আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। দুই থেকে তিন ঘণ্টা এই মিশ্রণে রূপার গয়না ভিজিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। চকচক করবে গয়না।

ডিটারজেন্ট

রূপার গয়না পরিষ্কার করতে পারেন ডিটারজেন্ট দিয়েও। হালকা গরম পানিতে কিছুটা ডিটারজেন্ট মিশিয়ে নিন। ১০ মিনিট সেখানে রূপার গয়না ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

রূপার গয়নাকে ব্যবহারের পর ভালো করে ঘাম শুকিয়ে সংরক্ষণ করুন। এর সঙ্গে অন্য ধাতুর গয়না রাখবেন না।