কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন রোববার (১ মার্চ)কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ওই ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

আহত বাংলাদেশিদের মধ্যে হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনার সাথিয়া থানার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জ থানার লতিফপুর গ্রামের মাসুদুর রহমান ও কুমিল্লার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের দুলাল মিয়া।

ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করার পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থাপনা সংস্কারে কাজ করছে সিভিল এভিয়েশন। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।