২০২৩ সালে এইচএসসি পাস করেছিলেন সুমাইয়া জান্নাত। এরপর তাঁর স্নাতকে ভর্তি হওয়া হয়নি। বাড়িতে ব্যাচ করে কয়েকজনকে প্রাইভেট পড়াতেন। গত ২০ আগস্ট তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকার মনজু আরা বেগম ও হামিদ হোসেনের মেয়ে সুমাইয়া জান্নাত। দুই বছর আগে স্বামী হৃদরোগে মারা যাবার পর চার মেয়েকে নিয়ে মনজু আরা বেগমের সংসার। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। মেজ মেয়ে সুমাইয়া প্রাইভেট পড়িয়ে মাকে সহযোগিতার পাশাপাশি বাড়ির কাজও করতেন।
গত ২৩ জুলাই ডেঙ্গু জ্বর কেড়ে নিয়েছে সুমাইয়া জান্নাতকে। মা মনজু আরা বেগম এখন ডায়েরির পাতায় খুঁজে ফিরছেন মেয়েকে। নিজের সব কথা সুমাইয়া লিখে রাখতেন ডায়েরিতে। সেটির পাতা ওলটাতে ওলটাতে চোখ মুছেন মা মনজু আরা। ডায়েরি ছুঁয়েই তিনি যেন মেয়ে সুমাইয়াকে অনুভব করেন।