বাড়ছে তাপপ্রবাহ, দেশের ৭ জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগ-এর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হতে পারে। এসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের বেশিরভাগ স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তৃতীয় দিন, অর্থাৎ ১৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সোমবার রাজধানীতে সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে হবে।