এসএসসির আসনবিন্যাস নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে পরীক্ষা পরিচালনায় কঠোর নীতিমালা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশেষ করে আসন বিন্যাস সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ৫ ও ৬ ফুট লম্বা বেঞ্চে সর্বোচ্চ দুইজন এবং ৪ ফুট লম্বা বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ দিতে হবে, তবে কোনো কক্ষে দুইজনের কম প্রত্যবেক্ষক রাখা যাবে না।

এছাড়া আসনগুলো এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে একটির সঙ্গে অন্যটির পর্যাপ্ত দূরত্ব বজায় থাকে। একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশাপাশি বসানো যাবে না এবং কেন্দ্রের নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। আসন বিন্যাসের কপি কেন্দ্রের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বরই তার আসন নম্বর হিসেবে গণ্য হবে। বোর্ড প্রদত্ত আসনপত্রে রোল নম্বর লিখে তা ডেস্কে সংযুক্ত করতে হবে। একই আসন ব্যবস্থায় সব বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা শুরুর আগে প্রত্যেক পরীক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

অসুস্থ পরীক্ষার্থীদের বিষয়ে বলা হয়েছে, নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে না পারলে কেন্দ্রসচিব তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারবেন। সংক্রামক রোগে আক্রান্তদের সাধারণত পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয় না, তবে অন্যদের ঝুঁকি এড়াতে পৃথক স্থানে বসার ব্যবস্থা করা যেতে পারে। এ ধরনের বিশেষ ব্যবস্থার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকেই অতিরিক্ত ব্যয় বহন করতে হবে।

কেন্দ্রসচিবদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্র ও ব্যবহৃত সামগ্রী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর আগে যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে।