শিক্ষা ক্যাডারে বড় রদবদল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসিসহ বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. আবদুস সালামকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপনে দুই বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একইসঙ্গে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে কর্মরত বি. এম. আব্দুল হান্নানসহ কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আব্দুল মজিদকে অব্যাহতি দিয়ে নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. ইয়ারুল কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। যশোরের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন যখন প্রকাশিত হয়, তখন তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে একটি সেমিনারে বসা ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। বর্তমানে তিনি বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুই শিক্ষকের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। ভিসি ও প্রো-ভিসি হিসেবে তাদের মেয়াদ হবে চার বছর।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে কর্মরত বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হককে। বি এম আব্দুল হান্নান গত কয়েক মাস ধেকেত মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) পদে পদায়ন করা হয়েছে। আর টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাউশির উপপরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরীকে ওএসডি করে কুমিল্লা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। আর এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকুকে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর বাইরে অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে। সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে সিলেট শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জে সংযুক্ত করা হয়েছে। এনটিআরসিএতে উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।

অন্য প্রজ্ঞাপনে দেখা যায়, অধ্যাপক মো. জাফর আহম্মদকে ওএসডি রেখে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। সহযোগী অধ্যাপক মোসাম্মৎ কামরুন নাহারকে হাজারীবাগ সরকারি কলেজ থেকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমীকে ওএসডি করে ঢাকা উদ্যান সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। একইভাবে অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসানকে ওএসডি রেখে সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে। অধ্যাপক মো. কামরুজ্জামানকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার জাহিদুল হককে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। একইভাবে অধ্যাপক রাবেয়া মোমেনকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে একই দিনের অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। কর্মকর্তাদের নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।