ইতিহাস গড়তে যাচ্ছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ১২ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। ইংল্যান্ডে টুর্নামেন্টের দামামা বাজতে বাকি আর দুই মাস।
এর আগে বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টুর্নামেন্টের জন্য বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ ১০৭ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যা সর্বশেষ ২০২৪ বিশ্বকাপের চেয়ে ১০ গুণ বেশি।
বরাদ্দ বাড়ায় পকেট গরম হবে দলগুলোরও। সন্দেহাতীতভাবে সবচেয়ে বেশি টাকা পাবে চ্যাম্পিয়নরা। শিরোপাজয়ী দলের পকেটে ঢুকবে ২৮ কোটি ৭৬ লাখ টাকা।
রানার্সআপ দল পাবে ১৪ কোটি ৩৮ লাখ টাকা।
সেমিফাইনালে যাত্রাপথ শেষ হওয়া প্রতি দল পাবে ৮ কোটি ২৯ লাখ টাকা। গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ে ৩৮ লাখ ৩০ হাজার টাকা পাবে দলগুলো।
তবে বিশ্বকাপে জয় না পেলেও খালি হাতে ফিরবে কোনো দল।
অংশ নিলেই কমপক্ষে ৩ কোটি ৪ লাখ টাকা ব্যাংক হিসাবে ঢুকে যাবে। সেই অনুযায়ী, বাংলাদেশ দলও বিশ্বকাপে অংশ নিয়ে এই পরিমাণ অর্থ পাবে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ১৩ জুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন।
বার্মিংহামের এজবাস্টনে সেদিন নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদে প্রতিপক্ষ নেদারল্যান্ডস।