মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক,

মৌলভীবাজার  সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭ঘটিকার সময় সদর উপজেলার  নিতেশ্বর মোকাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছালমা বেগম সদর উপজেলার নিতেশ্বরের মোকাম বাজার এলাকার  রসিদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গাজীর মোকাম এলাকার সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার ভাতিজা পাপ্পু দুর্ঘটনাকারী সিএনজিতেই করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে এবং পলাতক সিএনজি চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।