বালবোয়ার লা বোকা এলাকায় ঘটে যাওয়া এই বিস্ফোরণটি একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণের কারণে হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও বিস্ফোরণটি সরাসরি সেতুর ওপর হয়নি, তবে নিচে আগুন ছড়িয়ে পড়ায় সেতুর কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
পানামার ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিটে প্রথম জরুরি বার্তা পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা একাধিক ট্রাক জ্বলতে দেখেন এবং আশপাশের আরও ট্যাংক ঝুঁকির মুখে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত ফায়ার সার্ভিস সদস্যদের ডাকা হয়।
উদ্ধার অভিযানে দগ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটকে পড়া সম্ভাব্য একজনকে খোঁজার কাজ চালানো হয় এবং আগুনের তাপ কমাতে কুলিং অপারেশন পরিচালনা করা হয়। পরে স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় একজন নিহত এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন।
সূত্র: আরটি