বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক বিদায়ের পরও আসন্ন টুর্নামেন্টে খেলার নতুন সুযোগ পেতে পারে ইতালি। হঠাৎ করেই এমন সম্ভাবনার খবর ফুটবল বিশ্বে তৈরি করেছে নতুন আলোচনা।
জানা গেছে, ফিফা জরুরি ভিত্তিতে একটি বিশেষ প্লে-অফ মিনি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। এই টুর্নামেন্টে ইউরোপের দুটি এবং এশিয়ার দুটি দল অংশ নিতে পারে, যেখানে একটি শূন্যস্থান পূরণ করা হবে।
এই পরিস্থিতির পেছনে রয়েছে ইরান জাতীয় দলের সম্ভাব্য নিষেধাজ্ঞা। বিভিন্ন কারণে ইরান বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কা থেকেই বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা। যদি সত্যিই ইরান অংশ নিতে না পারে, তাহলে সেই শূন্যস্থান পূরণে বাছাইপর্বে বাদ পড়া কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে নিয়ে আয়োজন করা হবে এই প্লে-অফ।
সেই তালিকায় সবচেয়ে বড় নাম হিসেবে উঠে এসেছে ইতালি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি তাই আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ইরানকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সম্ভাবনা বর্তমানে প্রায় ১৫ শতাংশ। যদিও সম্ভাবনাটি এখনো নিশ্চিত নয়, তবে দিন যত যাচ্ছে, আলোচনা ততই জোরালো হচ্ছে।
ফিফার অভ্যন্তরে এ নিয়ে জোর আলোচনা চলছে।
সংস্থাটি চায়, যদি কোনো দলকে বদলি হিসেবে নেওয়া হয়, তাহলে তা যেন সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় হয়। তাই দ্রুত সমাধান হিসেবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ আয়োজনকেই সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ইতালির কোচিং পজিশন নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। বিশ্বকাপে সুযোগ মিললে দলটির দায়িত্বে একজন চমকপ্রদ কোচ দেখা যেতে পারে।