সোমবার (১৩ এপ্রিল) দ্য হলিউড রিপোর্টারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রিচার্ড ডোনাটের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কানাডার নোভা স্কোশিয়ার ব্রিজওয়াটারের বাসিন্দা ছিলেন রিচার্ড ডোনাট। তার চাচা ছিলেন ব্রিটিশ তারকা রবার্ট ডোনাট; যিনি ‘দ্য থার্টি নাইন স্টেপস’ (১৯৩৫) এবং অস্কারজয়ী সিনেমা ‘গুডবাই, মিস্টার চিপস’ (১৯৩৯)-এ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে তারকা খ্যাতি লাভ করেছিলেন। রিচার্ড ডোনাটের বড় ভাই পিটার ডোনাটও একজন প্রথিতযশা মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। পিটার ডোনাট ‘দ্য এক্স-ফাইলস’ সিরিজে এজেন্ট ফক্স মুল্ডারের বাবার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৮ সালে ৯০ বছর বয়সে মৃত্যু হয় তার।
রিচার্ড ডোনাট ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ সিজনে ‘হ্যাভেন’ সিরিজে ভিন্স টিগসের চরিত্রে অভিনয় করেন। এর গল্পে হ্যাভেন হেরাল্ড পত্রিকার স্কেচ আর্টিস্ট ও সম্পাদক হিসেবে পর্দার ভাই ডেভ’র সঙ্গে কাজ করতেন। স্টিফেন কিংয়ের উপন্যাসিকা ‘দ্য কলোরাডো কিড’র ওপর ভিত্তি করে নির্মিত সিরিজটি কানাডার শৌক্যাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাইফাই চ্যানেলে প্রচার হতো।
১৯৪১ সালের ১ জুন নোভা স্কোশিয়ার কেন্টভিলে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনাট, তার প্রকৃত নাম রিচার্ড ফ্রাঁসোয়া ডোনাট। চাচা ও ভাইয়ের অনুপ্রেরণায় অভিনয়ে আসেন এবং ১৯৬৭ সালে ন্যাশনাল থিয়েটার স্কুল অব কানাডা থেকে স্নাতক সম্পন্ন করেন। সত্তর দশকের মাঝামাঝি টরন্টোতে পাড়ি জমান এবং ১৯৭৪ সালে ব্রডওয়ে থিয়েটারে পদার্পণ করেন।
কানাডীয় সিরিজ ‘এমিলি অব নিউ মুন’ (১৯৯৮-২০০০) এবং সিটকম ‘ব্ল্যাকফ্লাই’ (২০০১-২০০২)-এ অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন রিচার্ড ডোনাট। পাশাপাশি ‘টুমোরো নেভার কামস’, ‘মাই আমেরিকান কাজিন’, ‘দ্য ওয়েট অব ওয়াটার’ ও ‘অ্যামেলিয়া’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠস্বরও অসাধারণ ছিল। প্রতি বছর বড়দিনের সকালে রেডিওতে রবার্ট লুই স্টিভেনসনের ‘ক্রিসমাস অ্যাট সি’ কবিতা আবৃত্তি করতেন। স্বীকৃতি হিসেবে মঞ্চে কাজের জন্য মর্যাদাপূর্ণ ‘ডোরা মেভর অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন এ অভিনেতা।