আইপিএলে যোগ দেওয়ায় তারকা ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখানোয় বড় শাস্তির মুখে পড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। চুক্তি ভঙ্গের দায়ে এই ডানহাতি পেসারকে আগামী দুই বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়।

পিসিবি সূত্রে জানা গেছে, পিএসএলের সবশেষ নিলামে অবিক্রীত থাকলেও পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিয়ান বোলার শামার জোসেফের বিকল্প হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তবে টুর্নামেন্ট চলাকালীনই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে প্রস্তাব পান ২৯ বছর বয়সী এই পেসার। কেকেআরের ডাকে সাড়া দিয়ে তড়িঘড়ি পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। মূলত মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।

মুজারাবানির এই আকস্মিক বিদায়ে ক্ষুব্ধ হয় পিসিবি। বিষয়টি বোর্ডের শৃঙ্খলা কমিটির তদন্তে উঠলে চুক্তি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে আগামী দুই আসরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুজারাবানিই অবশ্য প্রথম নন, গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও প্রায় একই কারণে এক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। এছাড়া চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার স্পেনসার জনসন ও শ্রীলঙ্কার দাসুন শানাকাও পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা রাজস্থান রয়্যালসে এবং জনসন কুয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন। তবে তাদের বিষয়ে পিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো শাস্তির ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে, মুজারাবানির মতোই পরিণতি হতে পারে তাদের।

এদিকে আইপিএলে কলকাতার জার্সিতে ইতোমধ্যেই বল হাতে নজর কেড়েছেন মুজারাবানি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪১ রান দিয়ে শিকার করেছেন ৪টি উইকেট। তবে মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও পিএসএলের দুয়ার আপাতত বন্ধই থাকছে এই জিম্বাবুইয়ানের জন্য।