মস্কোর আকাশে আজ রোববার সকালে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেশটির একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্বল্প সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে দুইটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের উপকণ্ঠে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আর দুইটি ড্রোন ইলেকট্রনিকভাবে প্রতিহত করা হয়েছে এবং এসব ড্রোন অফিসের কমপ্লেক্সে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।
রোববারের এ সিরিজ ড্রোন হামলাকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী হামলাচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রুশ মন্ত্রণালয় লিখেছে, ৩০ জুলাই সকালে মস্কোতে মানবহীন আকাশযান দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছে কিয়েভ। তবে এ হামলা প্রতিহত করা হয়েছে।
রাশিয়ার সংবাদসংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার কারণে রাজধানীর নুকোভ বিমানবন্দর এক ঘণ্টার মতো বন্ধ করে দেওয়া হয়। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন।