মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনে ধাক্কা, প্রাণ গেল যুবকের

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত নছিমনের সঙ্গে ধাক্কায় মুন্না (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরও এক যুবক। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মুন্না খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। আহত আলামিন হোসেন (২২) একই গ্রামের হাসান সরদারের ছেলে।
খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান বলেন, রাত ৯টার দিকে বেলগাছি স্টেশন বাজার থেকে পেয়াজু কিনে আল আমিন নামে আরেক যুবককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল। বাজার থেকে কিছু দূরে পৌঁছাতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত একটি নছিমনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করে। আর আহত আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।