সংসদে আজ ৩১ বিল পাস, বহাল থাকল অধিকাংশ অধ্যাদেশ

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) একদিনেই মোট ৩১টি বিল পাস হয়েছে। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ২৭টিতে পূর্বের অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। বাকি ৪টি বিলের মাধ্যমে আগের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করা হয়েছে।

অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’। এর মাধ্যমে পূর্বের অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো সংসদে উত্থাপন করলে স্পিকার তা কণ্ঠভোটে পাসের জন্য উপস্থাপন করেন এবং সংসদ সদস্যদের সম্মতিতে বিলগুলো অনুমোদিত হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিল অপরিবর্তিত এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছিল। এর আগে গত ২ এপ্রিল এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়।