ছেঁউড়িয়ায় তিন দিনের উৎসব শুরু আজ

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস ছিল গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনের উৎসব। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। কুষ্টিয়া শহরতলির ছেঁউড়িয়ায় কালীগঙ্গা নদীর তীরে লালন আখড়া বাড়ি ও এর আশপাশে উৎসবের সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা।

লালনের গানের মাধ্যমে তাঁর বাণী লাখো মানুষের মাঝে পৌঁছে দেবেন লালন অনুসারী, সাধু-গুরু, বাউল ও ভক্তরা।

আজ বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক (১৬ অক্টোবর) সাধক লালন সাঁই ছেঁউড়িয়ায় দেহত্যাগ করেন।

এর পর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্যে দিনটি পালন করে আসছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার জাতীয়ভাবে লালন তিরোধান দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আখড়া বাড়িতে ছুটে এসেছেন এবং আসছেন লালন অনুসারী, সাধু-গুরু, বাউল ও ভক্তরা। ছোট দলে ভাগ হয়ে তাঁরা গেয়ে চলেছেন লালনের গান।